জামিনে কারামুক্ত ড. শিরিন শারমিন চৌধুরী
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
কারাগার সূত্রে জানা যায়, মুক্তির পর তিনি সাদা রঙের একটি গাড়িতে করে কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়ে যান। এ সময় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে মুক্তি দেয়।
এর আগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় তিনি জড়িত ছিলেন। ওই মামলায় রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
গত মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতে হাজির করা হলে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ড. শিরিন শারমিন চৌধুরী দীর্ঘদিন জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তার গ্রেফতার ও দ্রুত জামিনে মুক্তির ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

0 Comments