বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ক্রিকেটার, ব্যবসায়ী ও রাজনীতিবিদের পর এবার তিনি নাম লেখাচ্ছেন প্রকাশনা ও গণমাধ্যম জগতে।
জানা গেছে, তিনি একটি নতুন ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন, যার নাম “বিয়ন্ড বাংলা”। এই প্ল্যাটফর্ম থেকে বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই সংবাদ প্রকাশ করা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখান থেকেই তিনি এই উদ্যোগ পরিচালনা করবেন এবং সরাসরি তার তত্ত্বাবধানে সংবাদমাধ্যমটির কার্যক্রম শুরু হবে।
নতুন এই মিডিয়ায় শুধু লিখিত সংবাদই নয়, বরং ভিজ্যুয়াল কনটেন্টও থাকবে, যাতে দর্শকরা আরও আধুনিক ও আকর্ষণীয়ভাবে সংবাদ উপভোগ করতে পারেন। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা ও বিনোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সমান গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে।
নিজের এই উদ্যোগ সম্পর্কে সাকিব আল হাসান বলেন, তিনি চেষ্টা করবেন ভিন্নধর্মী ও এক্সক্লুসিভ সংবাদ পরিবেশন করতে, যা পাঠকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
ক্রিকেট মাঠের বাইরেও নতুন এই উদ্যোগের মাধ্যমে তিনি গণমাধ্যম অঙ্গনে কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষা।

0 Comments