নকল দমন হয়েছিল, আবার কীভাবে ফিরল? প্রশ্ন শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী আ ন ম এহাছানুল হক মিলন বলেছেন, একসময় দেশের শিক্ষা ব্যবস্থায় নকল পুরোপুরি দমন করা হয়েছিল, কিন্তু তা আবার ফিরে আসবে—এমন ধারণা তার ছিল না।
রোববার (১২ এপ্রিল) ঢাকা অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অতীতে নকল প্রতিরোধের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী জানান, আগে শিক্ষার্থীরা অনেক বেশি আন্তরিক ছিল এবং শিক্ষকদের সামনে নকল করার সাহস খুব কমই দেখাত।
তিনি বলেন, “আইনের প্রয়োজন না হলেও, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নকলবিরোধী আইন প্রণয়ন করেছিলেন। সেই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে নকলের সম্পূর্ণ অবসান ঘটানো সম্ভব হয়েছিল।”
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হলেও শিক্ষকদের মানসম্মত পাঠদান না থাকলে অভিভাবকরা বাধ্য হয়ে প্রাইভেট টিউশনের দিকে ঝুঁকছেন। শুরুতে একজন শিক্ষক দিলেও পরে একাধিক শিক্ষক রাখতে হচ্ছে, এমনকি কোচিং সেন্টারেও পাঠাতে হচ্ছে।
শিক্ষামন্ত্রী প্রশ্ন রেখে বলেন, “স্কুল আর কোচিং সেন্টারের মধ্যে পার্থক্য কোথায়? কোচিং সেন্টারগুলোও এখন বেঞ্চ বসিয়ে ক্লাসরুমের মতো পরিবেশ তৈরি করে পাঠদান করছে।”
তিনি শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নে সকল সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

0 Comments