দীর্ঘ ১৭ বছরের এক অনন্য প্রতিজ্ঞার অবসান ঘটালেন কিশোরগঞ্জের প্রবীণ ইনু মিয়া। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না—এই অঙ্গীকারে অটল ছিলেন তিনি। অবশেষে প্রিয় দলের ক্ষমতায় ফেরার পর সেই প্রতীক্ষার ইতি টানলেন এই ৮০ বছর বয়সী বৃদ্ধ।
পহেলা বৈশাখের বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগৎচর গ্রামে ইনু মিয়ার বাড়িতে যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সেখানে উপস্থিত হয়ে তিনি নিজ হাতে ইনু মিয়াকে ভাত খাইয়ে তার বহু বছরের প্রতিজ্ঞা ভাঙান।
জানা যায়, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে লাঞ্ছনার শিকার হওয়ার পরই এই সিদ্ধান্ত নেন ইনু মিয়া। এরপর থেকে তিনি ভাত পরিহার করে শুধু শুকনা খাবার খেয়ে জীবনযাপন করে আসছিলেন। পরিবারের বহু চেষ্টাতেও তাকে ভাত খাওয়ানো সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, ইনু মিয়ার এই প্রতিজ্ঞা এলাকায় অনেকদিন ধরেই আলোচিত ছিল। প্রতিমন্ত্রী শরীফুল আলমও তাকে আশ্বাস দিয়েছিলেন—দল ক্ষমতায় এলে নিজ হাতে ভাত খাওয়াবেন। অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণ হলো।
প্রতিমন্ত্রী বলেন, একজন মানুষের এমন ত্যাগ ও ভালোবাসা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি ইনু মিয়ার পাশে থাকার আশ্বাস দিয়ে তার জন্য একটি নতুন ঘর নির্মাণ এবং বয়স্ক ভাতার ব্যবস্থা করার কথাও জানান।
বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারেন না ইনু মিয়া। জীবিকা নির্বাহ করেন ভিক্ষাবৃত্তি ও পরিবারের সহায়তায়। তিন সন্তানের এই জনক দীর্ঘদিন পর ভাত খেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানান উপস্থিতরা।

0 Comments